রোববার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৯ জন নিহত হওয়ার পরদিন সোমবার ফের গণতন্ত্রপন্থিদের রক্তে রঞ্জিত হল মিয়ানমারের মাটি।
এদিন মধ্যাঞ্চলীয় মাইংইয়ান ও অংলান শহরে পুলিশ গুলিবর্ষণ করেছে এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাখায় কারাবন্দি নেত্রী অং সান সু চির সমর্থকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে বলে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাইংইয়ানের ১৮ বছর বয়সী একজন আন্দোলনকারী টেলিফোনে রয়টার্সকে বলেন, “একটি মেয়ের মাথায় ও এক বালকের মুখে গুলি লেগেছে। আমি এখন লুকিয়ে আছি।”
বার্তা সংস্থা মিয়ানমার নাও এর প্রতিবেদনে মাইংইয়ানে তিন ও অংলানে দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন বলে বলা হয়েছে।
কর্তৃপক্ষের সব ধরনের দমনপীড়ন অগ্রাহ্য করেই সোমবার রাস্তায় নেমেছেন সামরিক জান্তাবিরোধী প্রতিবাদকারীরা। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনে দিন দিন আরও সহিংসপন্থা অবলম্বন শুরু করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে রোববার ছিল সবচেয়ে রক্তাক্ত দিন।
(বিস্তারিত আসছে)