ক্যাটাগরি

কোভিড-১৯: হাসপাতালে কাজী হায়াৎ

শ্বাসকষ্ট বাড়তে থাকায় সোমবার সকালে তাকে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর এখন স্বাভাবিক রয়েছে। শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে।”

১০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তার ঘনিষ্টজন পরিচালক এস এ হক অলিক।

এর আগে ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ; টিকা নেওয়ার সপ্তাহখানেকের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

করোনাভাইরাসের পাশাপাশি কয়েক বছর ধরে ডায়াবেটিস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন ৭৪ বছর বয়সী এ পরিচালক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক তার দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী হায়াৎ, তার প্যানেলে মহাসচিব হিসেবে নির্বাচন করবেন এস এ হক অলিক।