বৃহস্পতিবার সকালে হামলার এ ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাবুল পুলিশের মুখপাত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানাননি। আরেক কর্মকর্তা জানান, বাসটি সরকারি কর্মচারীদের বহন করছিল।
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে ও সহিংসতা হ্রাস করার উদ্দেশ্যে বৃহস্পতিবার মস্কোতে বসছেন আফগানিস্তানের সরকারি ও তালেবান প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা।
ঠিক এ দিনটিতেই আফগানিস্তানের রাজধানীতে প্রাণঘাতী এ হামলা হল।
আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাসটি ভাড়া করেছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আব্দুল সামাদ হামিদ।
তবে ওই মূহুর্তে কারা নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও সরকারি কর্মচারী, সুশিল সমাজের সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকাণ্ড অভিযান পরিচালনার জন্য তালেবানকে দায়ী করে আসছে আফগানিস্তান সরকার।
অপরদিকে তালেবান এ অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।