ক্যাটাগরি

অধিপত্য বিস্তার: সালথায় দফায় দফায় সংঘর্ষ, ‘আহত ২০’

উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় রোববার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয়রা।

আহতদের মধ্যে কয়েকজনকে সালথা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন তথ্যও জানিয়েছেন তারা।  

এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, অধিপত্য বিস্তারের জেরে গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বর নামের এক ব্যক্তির সমর্থকেরা একই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের আরেক ব্যক্তির সমর্থকের একটি অটোরিকশা আটক করে।

পরে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে এ দফায় দফায় চলা এ সংঘর্ষ গট্টি ইউনিয়নের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে কানাইড়, চালতা তলা ব্রিজ ও ঝুঁনাখালী এলাকা পর্যন্ত  ছড়িয়ে পড়ে।

রাত ১০ টা থেকে শুরু হওয়া চারঘণ্টার এ সংঘর্ষের সময় আশেপাশের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য নুরু মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।