ক্যাটাগরি

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে সুদীপ্ত হত্যার আসামি গ্রেপ্তার

নগরীর লালখান বাজার এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান।

গ্রেপ্তাররা হলেন- জাহিদুর রহমান জাহেদ (৩০), মো. সুমন (৩২), মো. ইমন (২২), মো. সাজ্জাদ ও ইব্রাহীম।

সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান,
শুক্রবার রাতে লালখান বাজার এলাকায় মো.
আলমগীর নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়। এ ঘটনায় জাহিদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই জাহিদ ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি বলে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব
হোসাইন জানিয়েছেন।

সুদীপ্ত হত্যাকাণ্ডে যে তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে দক্ষিণ নালাপাড়া সুদীপ্তর বাসায় গিয়েছিলেন, সে মোটরসাইকেলেই ছিলেন জাহিদ। এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এ মামলায়। পরে জামিনে ছাড়া পান।

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত জাহিদ।

লালখান বাজার এলাকার বাসিন্দারা জানান,
শুক্রবার রাতে আহত আলমগীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের অনুসারী। আর হামলাকারীরা মাসুমের অনুসারী।

বিভিন্ন সময়ে লালখান বাজার এলাকায় মাসুম ও বেলালের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।