ক্যাটাগরি

দলে সমস্যা নাই, সবাই এক আছি: কামাল হোসেন

শনিবার দুপুরে বেইলি রোডে নিজের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দলে আর কোনো সমস্যা নাই। আমরা সবাই এক আছি।

“আগামী ৯ তারিখে আমরা বসব। সব কিছু তুলে ধরা হবে। ওই বৈঠক থেকে পরবর্তি ঐক্যবদ্ধ কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে।”

সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সাবেক কার্যনির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সু্ব্রত চৌধুরী করোনাভাইরাস সংক্রমণের কারণে আইসোলেশনের থাকায় শনিবারের বৈঠকে আসতে পারেননি বলে জানান সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

বৈঠকে মন্টু ছাড়াও ছিলেন মোকাব্বির খান, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকুল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ বৈঠকে অংশ নেন।

রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়ার পর থেকে গণফোরামে বিভক্তি সৃষ্টি হয়। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক কার্যনির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সু্ব্রত চৌধুরীর নেতৃত্বে একটি অংশ রেজা কিবরিয়ার বিরুদ্ধে অবস্থান নেন। পরে এই অংশের কয়েকজনকে বহিষ্কার করা হয়। এরপর মন্টুর অংশ বর্ধিত সভা ডেকে রেজা কিবরিয়াসহ চারজনকে পাল্টা বহিষ্কার করে। দুই অংশ পাল্টাপাল্টি কাউন্সিলও ডেকেছিল।

এই সমস্যা সমাধানে কামাল হোসেন দুই দফা মন্টুর নেতৃত্বাধীন অংশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে ১১ নভেম্বর রেজা কিবরিয়া তাদের পূর্বঘোষিত ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করেন।

গত ১৩ ডিসেম্বর কামাল হোসেন এক বিবৃতিতে গণফোরামের যেসব পাল্টাপাল্টি বহিষ্কার হয়েছে, তা অকার্য্কর ঘোষণা করেন।

এর এক সপ্তাহের মাথায় সব নেতাকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “বর্তমান দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

মহামারীর শুরু থেকে নেতাকর্মীরা সারাদেশে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখানে এই বিষয়ে কথা বলতে চাই না। ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। এটা (ভাঙচুর) ধর্মের অপব্যবহার ছাড় আর কিছু না। জাতিকে বিভক্ত করার জন্য এটা করা হচ্ছে।”

আরও পড়ুন

‘ভুল বোঝাবুঝি’ শেষে গণফোরামে এখন ঐক্যবদ্ধ কাউন্সিল

গণফোরামের ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত

কামাল হোসেনকে বহিষ্কারের হুমকি গণফোরামের বিদ্রোহীদের

মন্টু, সাইয়িদসহ ৮ জনকে কামাল হোসেনের গণফোরাম থেকে বহিষ্কার

ভাঙছে গণফোরাম