বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিস্তারিত জানালেন এ তরুণ নির্মাতা।
ছবিটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। মহামারীকালে একজন মা ও মেয়ের গল্পে নির্মিতব্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, রওনক হাসান, অর্ষা, নুসরাত ফারিয়া, দিপান্বিতা, মৌটুসীসহ একঝাঁক তারকাশিল্পী।
নূর ইমরান মিঠু জানালেন, মহামারীর মধ্যেই রাজবাড়ির পাংশা এলাকায় ছবির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; এখন সম্পাদনার কর্মযজ্ঞ চলছে।
“চলচ্চিত্রে এই সময়টাকে ধরার চেষ্টা করেছি। একটি বাড়ির বিচিত্র সব চরিত্র নিয়েই ছবিটি নির্মাণ করেছি।”
তারকাবহুল চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কোনও চ্যালেঞ্জ ছিল কি না-এমন প্রশ্নের জবাবে নূর ইমরান বলেন, “আমি যখন গল্প ভাবি সেটা মুক্তভাবে চিন্তা করি। কারা অভিনয় করবে সেটা চিন্তা করি না। লেখার পর দেখি কার কার লাগবে। ইমন ভাই কাস্টিং করার ক্ষেত্রে ঝুঁকিটা নিয়েছেন। বাংলাদেশের ভালো ভালো আর্টিস্টদের নিয়েছেন।”
চলচ্চিত্রের গল্প বলার ক্ষেত্রে চারপাশের মানুষের গল্প তুলে আনতেই স্বাচ্ছন্দবোধ করেন বলে জানান এ নির্মাতা।
তিনি বলেন, “আমি চারপাশের মানুষ যেমনটা দেখি তেমন গল্পই ভাবি, অভিজ্ঞতার বাইরে আমি গল্প বলি না। সবই আমার অভিজ্ঞতার অংশ। এই সময়ের গল্পটা তুলে আনতে চেয়েছি। প্রডিউসার সহযোগিতা করেছেন। অভিনয়শিল্পীরা খুব ভালো ছিলেন। আমি যে রকম ছবি বানাতে চাই সেই পথেই আছি।
আমার গল্পগুলো কোনও সিনেমা না। ছবিটা লগ্নি করা টাকা যেন উঠে আসে আর আমি যেন আমার গল্পটাও বলতে পারি। আমার উদ্দেশ্য অল্প টাকায় ছবি বানিয়ে প্রডিউসার লাভ করতে পারবে আবার সিনেমার গল্পটাও আমার হবে।
“গল্পটা তামিল, তেলেগু, কোরিয়ার ছবির চেহারার মতো হবে না। ছবির চেহারাটা হবে আমার গ্রাম, আমার শহর, আমার মানুষজনদের মতো। অন্য কোনও ছবির মতো অন্য কোনও দেশের মানুষের ছবির মতো না। মনে হবে, একান্তই আমারই।”
প্রচলিত ধারার চলচ্চিত্রের বাইরে নিজস্ব ঢঙয়ে চলচ্চিত্র নির্মাণে ঝুঁকির বিষয়টিও তুলে আনলেন ‘কমলা রকেট’ নির্মাতা।
“এটা এক ধরনের ঝুঁকি। প্রচলিত ধারায় যে ছবি হয় তার বাইরে গিয়ে নতুন কিছুর প্রতি দর্শকদের এক্সপেকটেশন কম থাকে। আমি কম টাকায় ছবি বানায়; ফলে এক’শ জনের মধ্যে দশজনও ছবি বানায় তাহলেই হবে। নকল ছবি বানিয়ে অনেক লোক দেখার থেকে নিজের মতো করে বানিয়ে টাকাটা উঠে এলেই ভালো।”
‘পাতালঘর’র পর আরেক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানালেন নূর ইমরান মিঠু।