টিপিএলএফ এর প্রধানদেরকে ধরিয়ে দেওয়া কিংবা পলাতক নেতাদের অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ১ কোটি ইথিওপিয়ান বির (২৬০,০০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ইথিওপিয়ার রাষ্ট্রপরিচালিত সম্প্রচারমাধ্যম ইবিসি-তে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এবং সরকারি একটি টাস্কফোর্স ঘোষণাটি টুইট করেছে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গত ২৮ নভেম্বরে তিগ্রাইয়ের রাজধানী মেকেল্লে শহর “কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে” বলে ঘোষণা করেন।
এরপর থেকেই টিপিএলএফ নেতারা পার্বত্য এলাকাগুলোতে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তবে সম্প্রতি টিপিএলএফ নেতাদের কাছ থেকে কিছু শোনা যায়নি। রয়টার্স বার্তা সংস্থা এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দলের প্রধানসহ বেশির ভাগ নেতা কোথায় আছেন তা জানা যায়নি।
আঞ্চলিক ওই বিদ্রোহী নেতাদেরকে ধরতে ইথিওপিয়ার সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে বলে এর আগে জানানো হয়েছিল কয়েকটি গণমাধ্যমের খবরে।
গত ৪ নভেম্বর ইথিওপিয়ার সেনাদের সঙ্গে তিগ্রাই বাহিনীর লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার লোকের মৃত্যু হয়েছে এবং অঞ্চলটির প্রায় লাখখানেক বাসিন্দা প্রতিবেশী সুদানে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিগ্রাইয়ের একটি ঘাঁটিতে কেন্দ্রীয় বাহিনীর সেনাদের ওপর হামলা চালিয়ে তিগ্রাইয়ের নেতারা এই যুদ্ধ শুরু করেছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রী আবির। তবে টিপিএলএফ বলেছে, সরকারি বাহিনীর হুমকি প্রতিরোধে আগাম ওই হামলা চালানো হয়েছিল।
আবি আহমেদ টিপিএলফ নেতাদেরকে ‘অপরাধ চক্র’ আখ্যা দিয়ে এসেছেন এবং বলেছেন, “পুলিশ তাদেরকে আইন আদালতে হাজির করবে।”
টিপিএলএফ এর যোদ্ধারা বেশিরভাগই একটি আধাসামরিক ইউনিট এবং স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য। তাদের সংখ্যা আনুমানিক প্রায় ২৫০,০০০।