ক্যাটাগরি

৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আগুন

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, চার ঘণ্টার চেষ্টায় রোববার বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তারা।

বেলা পৌনে ১১টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় কনকা ইলেকট্রনিক্স নামের একটি কারখানা আগুন লাগে। সোনারগাঁ, মেঘনা ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের কারণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসকর্মীরা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

কারখানাটিতে টিভি, ফ্রিজ, এসিসহ বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হয় বলে শ্রমিকরা জানিয়েছেন।


নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
 

ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসকর্মীরা।

তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, “আগুনে টিভি, ফ্রিজ, এসিসহ বিভিন্ন বিপুল পরিমাণ মালপত্র পুড়ে গেছে। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”

এলাকাবাসী জানান, বেলা পৌনে ১১টার দিকে কারখানার তৃতীয় তলায় তারা আগুন দেখতে পান। এ সময় শ্রমিকরা দৌড়ে বেরিয়ে আসেন। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।