ক্যাটাগরি

করোনাভাইরাস: জাতিসংঘের তদন্তকারী দলকে ভিসা দেয়নি চীন

দলটি ভাইরাসটির উৎস সন্ধানে দেশটির উহান শহরে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। 

ওই দলটির দু্ই সদস্য ইতোমধ্যে যাত্রা শুরু করেছিলেন। এদের মধ্যে একজন ফিরে গেছেন ও অন্যজন ট্রানজিট যাত্রী হিসেবে তৃতীয় আরেকটি দেশে অবস্থান করছেন।

ভিসা ছাড়পত্র না থাকায় এ সমস্যা হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর ডিসেম্বরে এই তদন্তের বিষয়ে রাজি হয়েছিল বেইজিং। 

২০১৯ সালের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নগরীটির একটি কাঁচা বাজারে প্রথম সংক্রমণের ঘটনাগুলো ঘটেছিল বলে ধারণা করা হয়।

ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, চীন তদন্তকারী দলের যাওয়ার বিষয়ে অনুমতি চূড়ান্ত না করায় তিনি ‘অত্যন্ত অসন্তুষ্ট’।

এ ঘটনার কারণে দলের অন্যরা যাত্রা শুরু করতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের তিনি বলেছেন, “চীন এ বিষয়ক প্রক্রিয়াগুলো দ্রুততার সাথে সম্পাদন করছে বলে আমাকে আশ্বস্থ করা হয়েছে।”

চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

“এই মিশনটি ডব্লিউএইচও ও আন্তর্জাতিক টিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,” মন্তব্য করে এটি চীনের কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

প্রাণী থেকেই মহামারীটির উৎপত্তি আর তাদের থেকে কীভাবে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ল তা তদন্ত করে দেখাই ডব্লিউএইচওর টিমটির উদ্দেশ্য। এই লক্ষে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ১০ সদস্যের একটি টিমকে চীনে পাঠানোর জন্য কয়েক মাস ধরে কাজ করছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি।     

এই তদন্ত জানুয়ারি, ২০২১ এ শুরু হবে বলে গত মাসে জানিয়েছিল ডব্লিউএইচও।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক টিমের ওই দুই সদস্য চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এদের একজন ফিরে আসেন ও অপরজন তৃতীয় আরেকটি দেশে আছেন বলে ডব্লিউএইচওর ইমার্জেন্সি চিফ মাইক রায়ানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।