ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার বিকালে খিলক্ষেতের রিজেন্সি হোটেলের সামনে থেকে মো. সৈকত হোসেন ভূইয়া ওরফে তপু নামের ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান বলেন, “শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার কথা বলে ফেইসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দেওয়া হয়েছিল। এমন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় ওই যুবককে চিহ্নিত করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপু ওই কাজে জড়িত থাকার কথা ‘স্বীকার করেছেন’ জানিয়ে মশিউর রহমান বলেন, “প্রতারণার কাজে সে প্রায় ১৯টি ফেইসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করত।
“তার মোবাইল ফোন থেকে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবিযুক্ত ফেইসবুক আইডিতে লগইন করা ছিল।”
মশিউর রহমান বলেন, তপু এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষার মার্কশিট পরিবর্তন ও নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট দিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের অনেকে তাকে মেসেঞ্জারের ইনবক্সে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করতেন।
“এই প্রতারক তাদেরকে এডিট করা মার্কশিট ও মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন লোকের পাঠানো টাকার স্ক্রিনশট দেখিয়ে আস্থা অর্জন করত। শেষে মোবাইল ব্যাংকিং নম্বর দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দিত।”
তপু বিভিন্ন নারী ও পুরুষের ছবি ফেইসবুক প্রোফাইলে ব্যবহার করে ‘বিভিন্ন ধরনের অপপ্রচার’ চালাতেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় গ্রেপ্তার তপুর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে বলে জানান উপ-কমিশনার মশিউর ।