ক্যাটাগরি

থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৩৩

শনিবার রাতে সরকারবিরোধী সমাবেশে পুলিশ জলকামান, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার পর এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে ও মারতে দেখা গেছে, সেসময় অনেকেই ভয়ে নিজেদের মটর সাইকেল ছেড়েও পালিয়ে যায়।  

অন্য একটি ভিডিওতে অনেককে কাঁদুনে গ্যাস থেকে বাঁচতে কাছাকাছি ম্যাকডোনাল্ডের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিতে দেখা যায়।

সংঘর্ষে পুলিশের ১৩ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে এরাবন মেডিকেল সেন্টার। 

পুলিশ বলেছে, তারা শনিবার রাতে আন্তর্জাতিক নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপই নিয়েছিল।

জনসমাগমের আইন লংঘন ও রাজতন্ত্রকে অপমানের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

“বিক্ষোভকারীদের দিক থেকেই সহিংসতার সূত্রপাত হয়েছিল। পুলিশ আইনের পক্ষে ও জাতীয় সম্পদের সুরক্ষায় ছিল,” সাংবাদিকদের এমনটাই বলেছেন ব্যাংকক পুলিশের উপপ্রধান পিয়া তাবিচাই।

পুলিশের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা।

“বিক্ষোভকারীরা কিছু করার আগেই কাঁদুনে গ্যাস ও জলকামান ছুড়ে পুলিশই সহিংসতার সূচনা করেছিল,” বলেছেন সমাবেশে অংশ নেওয়া ২৭ বছর বয়সী রুকচানক শ্রিনক।