সিন্ডিকেট সভার এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সশরীরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম (উইকেন্ড প্রোগ্রাম এবং জাবি স্কুল ও কলেজসহ) বন্ধ থাকবে। তবে অনলাইনে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলবে।
এছাড়া মেডিকেল সেন্টারসহ জরুরি পরিষেবাগুলোও চালু থাকবে বলে জানানো হয়।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, সরকার সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইরের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং ক্যাম্পাসের ভেতরে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। ক্যাম্পাসে দর্শনার্থীর প্রবেশ ও সব ধরনের অনুষ্ঠান এবং জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।
ক্যাম্পাসবাসীর চলাচল ও বাজারের সুবিধার্থে ৫ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ১০টায়, দুপুর ১২টায় এবং বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে একটি ও বিশমাইল ফটক থেকে একটি করে বাস ট্রিপ ক্যাম্পাসে চালু থাকবে।
বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের সব দোকানপাট বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।