ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস শনিবার রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেন।
বিবিসি জানায়, ফুটো হয়ে বিষাক্ত পানি ছড়িয়ে পড়তে শুরু করায় ‘পাইনি পয়েন্ট রিজার্ভর’ এর কাছের একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, ওই এলাকার তিনশর বেশি বাড়িঘরের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রশাসন থেকে মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতেও বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, ৭৭ একরের ওই রিজার্ভরে ফসফরাস এবং নাইট্রোজেন মেশানো লাখ লাখ গ্যালন পানি ধরে রাখা হয়। একটি পুরাতন ফসফেট প্ল্যান্টের রাসায়নিক বর্জ্য মেশানো পানি ওই রিজার্ভরে গিয়ে পড়ে।
পুকুরের যেখানে ফুটো খুঁজে পাওয়া গেছে সেখানে রেডিওঅ্যাক্টিভ বর্জ্য ফসফোগিপসাম জমে আছে। ওই পুকুরের পানিতে প্রাকৃতিকভাবে স্বল্প পরিমাণে রেডিয়াম এবং ইউরেনিয়ামও আছে। এছাড়া, বর্জ্য থেকে রাডন গ্যাস নির্গত হয়।
শুক্রবার রাতেই পুকুরের ফুটো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানাতি কাউন্টির প্রশাসক স্কট হোপস এক সংবাদ সম্মেলনে বলেন, পুকুরের পানি ছড়িয়ে পড়ে ওই এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘‘আমরা ৬০ কোটি গ্যালন পানি নিয়ে নিয়ে কথা বলছি, যেটি কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে পুকুর থেকে বেরিয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।”
ওই পুকুরের চারপাশে বেশিরভাগই কৃষি জমি। প্রাথমিকভাবে ওই পুকুরের পানি পাম্প করে বের করে নেওয়া হচ্ছে। যাতে পানির লেভেল নিচে থাকে। তাতে ফুটোর উপর পানির চাপ কমবে এবং সেটি আরো ছড়িয়ে পড়া আটকাবে।