ক্যাটাগরি

ইরানি সিনেমার শুটিংয়ে জয়া আহসান

কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে
‘সিএনজি’ নামে একটি সিনেমার দৃশ্যধারণের অনুমতি পেয়েছেন মুর্তজা; তবে বিভিন্ন গণমাধ্যমের
খবরে জয়ার সিনেমার নাম বলা হয়েছে ‘ফেরেশতে’।

সোমবার বসুন্ধরার সোলমাইদ এলাকায় এ সিনেমার শুটিংয়ে দেখা গেছে
জয়াকে; সঙ্গে আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু ও এক শিশুকে দেখা গেছে। ক্যামেরার
পেছনে ছিলেন মুর্তজা অতাশ জমজম।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া; বাংলাদেশের গণ্ডি পেরিয়ে
টলিউডে খ্যাতি পাওয়া এ অভিনেত্রীকে এবারই প্রথম কোনো ইরানি সিনেমায় পাবেন দর্শকরা।

সিনেমার শুটিং নিয়ে জয়া আহসান ও শিমু মুখে কুলুপ এঁটেছেন; তাদের
কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুটিংয়ের ইউনিট থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ঢাকার
নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় আগামী ২০ দিন এ সিনেমার দৃশ্যধারণ করা হবে।

পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন মুর্তজা। এর
আগে অনন্ত জলিলের প্রযোজনায় ‘দিন দ্য ডে’ চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি।

কয়েক সপ্তাহ আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ‘সিএনজি’
নামে একটি সিনেমার দৃশ্যধারণের অনুমতি নিয়েছেন তিনি; বেশ কয়েকটি শর্ত মেনে ঢাকার বিভিন্ন
এলাকায় দৃশ্যধারণের কথা রয়েছে তার।

এফডিসির সহকারী পরিচালক (শিডিউল) সোহরাব হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি নামে একটি সিনেমার
শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে; পরে আর কোনো সিনেমার শুটিংয়ের অনুমতি নেননি ইরানি নির্মাতা
মুর্তজা।

সেই সিনেমার নাম পরিবর্তন করে ‘ফেরেশতে’ নির্ধারণ করা হয়েছে
কি না-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।