ক্যাটাগরি

খুলনায় দুর্নীতির মামলায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা কারাগারে

মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার
দুপুরে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন খুলনা আদালত পুলিশের
পরিদর্শক ও বাগেরহাটের চুলকাঠি এলাকার বাসিন্দা শেখ আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী
সুলতানা রাজিয়া।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তাদের
বিরুদ্ধে দুটি মামলা করে।

এ বিষয়ে দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন,
আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবু বকর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের
উপসহকারী পরিচালক মো. আল-আমিন ২০২১ সালের ৯ নভেম্বর দুটি মামলা করেছিলেন।

আলাদা এই দুই মামলায় দুজনকে আসামি করা হয় বলে জানান
মজিবর।

তিনিব বলেন, আয়বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের
অভিযোগে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি, আবার ওই সম্পদ স্ত্রীকে হস্তান্তর করার অভিযোগে
আরেকটি মামলা করা হয়।

“সেই মামলা দুটির জামিন নিতে আদালতে উপস্থিত হয়ে আবেদন
করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়।”

প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকার দুর্নীতি ধরা পড়লেও
তদন্তে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ আবু বকর সিদ্দিকের আরও অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়া
গেছে বলে জানান ওই আইনজীবী।

এগুলো এই দুই মামলায় যুক্ত হবে বলে জানান তিনি।