ক্যাটাগরি

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জাপানের

লন্ডন সফরে থাকাকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

এই নতুন নিষেধাজ্ঞার আওতায় আরও ১৪০ রুশ নাগরিকের সম্পদ জব্দ করাসহ রপ্তানি নিষিদ্ধের তালিকাভুক্ত করা হচ্ছে রাশিয়ার প্রায় ৭০ টি সামরিক ফার্মকে।

এর আগে ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছিল জাপান। রাশিয়ার আটজন কূটনীতিককেও বহিষ্কার করেছিল টোকিও।

রাশিয়া একদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী কিশিদাসহ ৬৩ জন জাপানির ওপর মস্কোয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরই রাশিয়ার ওপর জাপানের নতুন এই নিষেধাজ্ঞা এল।

বৃহস্পতিবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার ঘোষণা দেন জানিয়েছে বিবিসি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়ার সহিংসতার একটি পরিণতি থাকা আবশ্যক। তাদের আগ্রাসন যে কেবল ইউরোপের জন্যই সমস্যা, তা নয়।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টার সঙ্গে রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের বিষয়টিকে একই চোখে দেখেন কিনা জিজ্ঞেস করা হলে কিশিদা বলেন, ইউক্রেইনও আগামীতে পূর্ব-এশিয়া হয়ে উঠতে পারে।”

জাপান ও এর মিত্রদেশগুলোর “কখনওই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে, পূর্ব-এশিয়ায় স্থিতাবস্থা একতরফাভাবে শক্তি প্রয়োগ করে বদলানোর চেষ্টা সহ্য করা উচিত নয়”, বলেন তিনি।