ক্যাটাগরি

গণতান্ত্রিক সব অধিকার হরণ করেছে আওয়ামী লীগ: শাহাদাৎ

এর মধ্য দিয়ে আওয়ামী
লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার বিকালে নগরীর
নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির
প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

আসন্ন সিটি
নির্বাচনে বিএনপির মেয়র প্রাথী শাহাদাত বলেন, “মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল
গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে এই দেশ
সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে।

“এই দেশে আজ
মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা
হয়েছে। মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলো হরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার
সাথেই বিশ্বাসঘাতকতা করেছে।”

নগর বিএনপির সাধারণ
সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “বর্তমান ভোটারবিহীন নির্বাচনের সরকার বাংলাদেশকে
শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশে
তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।

“তারা আজকে আবারও
উদোর-পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে নির্যাতন করতে চায়। এটা একটা
গভীর চক্রান্তের নীলনকশার অংশ। তারা অন্যায়ভাবে অপকর্ম করে ক্ষমতায় টিকে থাকতে
চায়।”

নগর বিএনপির জ্যেষ্ঠ
সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, “আজকে দেশের ভয়াবহ অবস্থা থেকে জাতিকে বের করে আনতে
হবে। আমাদেরকে তৈরি হতে হবে। রাজপথে আমাদের বীর সৈনিকরা যেভাবে অসম্ভবকে সম্ভব
করেছিলেন, যেভাবে সব অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের
তরুণ প্রজন্মকে সেভাবে এগোতে হবে। দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে।”

প্রস্তুতি সভায় বিজয়
দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

এরমধ্যে ১৪
ডিসেম্বর বিকালে দলীয় কার্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫
ডিসেম্বর বিকালে ষোলশহর বিপ্লব উদ্যানে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে
মোমবাতি প্রজ্বলন এবং ১৬ ডিসেম্বর সকাল ১১টায় দলীয় কার্যালয় মাঠে বিজয় দিবসের
আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা। এছাড়া ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলন করা হবে।

নগর বিএনপির
জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নগর কমিটির
সহ-সভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, মাহবুবুল
আলম, মোঃ ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক মো শাহ আলম, ইসকান্দার
মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবুল হাশেম প্রমুখ।