ক্যাটাগরি

বঙ্গবন্ধুর অবমাননা: এফবিসিসিআইর ডাকে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

শনিবার মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন হয়। একই সময়ে দেশের ৬৪ জেলা চেম্বারও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ভিডিও কনফারেন্সর মাধ্যমে শাপলা চত্বরের সঙ্গে যুক্ত হয়।

মতিঝিলের মানববন্ধনে এফবিসিসিআইছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ), টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), গাড়ী আমদানিকারকদের সংগঠন (বারভিডা), ডেভেলপারদের সংগঠন রিহ্যাব এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রাণ গ্রুপসহ বিভিন্ন সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করা মানে বাংলাদেশকেই অসম্মান করা। স্বাধীনতা বিরোধীরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না।

ব্যবসায়ী নেতারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানে বাঙালি জাতিসত্ত্বার উপর আঘাত করা। এই হামলা রাষ্ট্র ও সংবিধানবিরোধী। যারাই এই কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছ, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের দিকে এগোচ্ছে তখন এ ধরনের ঘটনা বিএনপি-জামায়াতের ইন্ধনে হতে পারে বলে অনেকে মনে করেন।

তারা আরও বলেন, দেশ যখন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের দ্বারপ্রান্তে, তখন কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে জামায়াত বিএনপির ইন্ধনে আলেম সমাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।

এই চেষ্টা দেশের দেশের স্বাধীনতাকে অস্বীকারের শামিল উল্লেখ করে বক্তারা বলেন, দেশকে পিছিয়ে দিতে উন্নয়ন অগ্রগতির রোধ করার চেষ্টা করছে।