ক্যাটাগরি

গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

শুক্রবার সকালে জাতীয়তাবাদী
ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বারবার বলেছি, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক
দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে
পরাজিত করতে হবে।

“সেই লক্ষ্যে আমরা
কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত
আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা
করব।”

আন্দোলনে সফলতা আসছে
না কেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল।
তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ২০১৮ সালের
২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের
মাধ্যমে জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন গণতন্ত্রের জন্য, তাকে তারা দমন করার চেষ্টা
করছে।

“ইতিহাস প্রমাণ করে
কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে
কখনও পারেনি।আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ফ্যাসিস্ট
সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব।”

জাতীয়তাবাদী ছাত্রদলের
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের সভাপতি ফজলুর
রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সকালে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিদেন করেন এবং প্রয়াত নেতার আত্মার
মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

এ সময়ে বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল,
আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান
সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ
উপস্থিত ছিলেন।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষ্যে বিকাল তিনটায় রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। এতে সংগঠনের সাংগঠনিক অভিভাবক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।