ক্যাটাগরি

টিকা নিয়ে সরকারের ‘কর্মপরিকল্পনা’ জানতে চায় বিএনপি

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবিলম্বে এ বিষয়ে সরকারের পরিপূর্ণ একটা পরিকল্পনা, রোডম্যাপ, অর্থাৎ ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেওয়া সম্ভব হবে, কাদেরকে দেওয়া হবে- সব কিছু নিয়ে একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি।”

মির্জা ফখরুল বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে, উচ্চ পর্যায়ের মানুষদের জন্য ইতোমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। আমরা খবর পেয়েছি যে, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব এই সমস্ত ক্লাবগুলোতে যারা সদস্য আছেন, তাদের তালিকা করা হচ্ছে। আরো শুনতে পাচ্ছি যে, সরকারের উচ্চ পদস্ত কর্মকর্তা যারা আছেন, তাদের জন্য করা হচ্ছে, মন্ত্রীদের জন্য করা হচ্ছে।

“কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই ভ্যাকসিনটা পাবে, কখন পাবে-সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা সরকারের কোন দপ্তরের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। আমাদের যেটা বেশি প্রয়োজন, সাধারণ মানুষ যেন বিনামূল্যে ভ্যাকসিন পায়।”

টিকা বাংলাদেশে কবে পৌঁছাবে তা নিয়েও জনগণকে ‘সঠিক তথ্য দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এই যে ভারতের সেরাম ইন্সটিটিউট, তারা ভ্যাকসিনটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকে কিনেছে। … তারা ভ্যাকসিন তৈরি করবে, তারপরে সেটা ব্যাক্সিমকো বাংলাদেশে নিয়ে আসবে। আমাদের প্রশ্ন হল- এটা তো স্পষ্ট হতে হবে জনগণের কাছে যে, এটা সরকার না কিনে বেক্সিমকো কিনল কেন?”

বেক্সিমকো এখানে ‘কত কমিশন’ পাবে, সেই তথ্য প্রকাশ করার দাবি জানান মির্জা ফখরুল। সরকার কেন ‘সরাসরি সেরাম ইন্সটিটিউট থেকে কিনছে না’, সেই প্রশ্নও তিনি তোলেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের দেওয়া তথ্য-পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, “আমরা বার বার বলেছি এই তথ্য সঠিক নয়। অনেক মানুষ মারা যাচ্ছে বাড়িতে। তারা কিন্তু রিপোর্টও করছেন না, হাসপাতালেও যাচ্ছেন না। বাড়িতে মারা যাচ্ছেন অথবা সংক্রমিত হচ্ছেন। সরকারের পরীক্ষা করবার যে নীতি চলছে, এটা যথেষ্ট নয় সঠিক চিত্রটা আনার জন্য।”

ভ্যাকসিন নিয়ে বিএনপির ‘উচ্চ পর্যায়ের কমিটি’

করোনাভাইরাসের ভ্যাকসিন ও সংক্রমণ পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে বিএনপি।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম এবং বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ কমিটিতে সদস্য হিসেবে আছেন।

মির্জা ফখরুল বলেন, “এই কমিটি অবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ থেকে শুরু করে প্রদান পর্যন্ত যাবতীয় তথ্যাদি সংগ্রহ করবে এবং সেই তথ্যাদি বিশ্লেষণ করে তারা জাতির সামনে তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরবে।”

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর পাশাপাশি মহিলা পরিষদের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।