ক্যাটাগরি

পরীক্ষার দাবিতে ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

বুধবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের
ভেতরে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন  অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ
করেন। এই সমাবেশ থেকে তারা অনশনসহ অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।  

মেকানিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মো. তুষার ওরফে সাদ বলেন,
ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স
ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর
৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়ে গেছে।

“গত বছরের নভেম্বরে পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনার
কারণে তা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি
অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়, যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে
সশরীরে পরীক্ষা শুরু হওয়া কথা ছিল। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে
২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিনন্ডিকেট কমিটির এক সভায় এ পরীক্ষা স্থগিত  ঘোষণা করা হয়।

তিনি জানান, শিক্ষার্থীরা আগে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে
ডুয়েটে ভর্তি হয়; সে অনুসারে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন
করতে আরও চার বছর লাগে। অর্থাৎ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে যারা গ্রাজুয়েশন
করেন তাদের তিন বছর বেশি লাগে। ফলে শিক্ষার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা
কমে যায়।

তাই আগামী দুই মাসের মধ্যে ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করতে না পারলে
অনেকেই সরকারি চাকরিতে আবেদনের সুযোগ হারাবে বলে তিনি জানান।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী হাসান
তৌফিক বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষিত নিদর্শেনায় গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ বিবেচনায় ২০১৩
সালের এসএসসি পাস শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অর্নাস
৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষাসমূহ পুনঃগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ২০০৯, ২০১০
সালের এসএসসি পাস করা ডুয়েট শিক্ষার্থীদের ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা স্থগিত রয়েছে।

এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি
হুঁশিয়ার করেন।

তবে প্রাথমিকভাবে তারা মঙ্গলবার থেকে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার সকাল ১০টা বুধবার সকাল ১০টা পর্যন্ত উপাচায ভবনের সামনে অবস্থান ধর্মঘট এবং
বুধবার সকাল ১০টার পর থেকে রাত ৭টা পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর মধ্যে তাদের দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে, বলেন পরীক্ষার্থী
হাসান তৌফিক।

এই বিষয়ে ডুয়েটের উপাচার্য মো. হাবিবুর রহমান বলেন, “পরীক্ষার স্থগিতের
বিষয়টি জাতীয় সিদ্ধান্ত। এটা আমার একক কোনো সিদ্ধান্ত নয়। এই ব্যাপারে শিক্ষার্থীদের
সাথে আলোচনা চলছে। তাদের বোঝানোর চেষ্টা চলছে।”