ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ ৪০

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা তেংগারা প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ে ঘরবাড়ি হারানো প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বেশ কয়েকটি সেতু ধসে পড়েছে, গাছপালা ভেঙে কয়েকটি সড়ক বন্ধ হয়ে আছে ও ঘূণিঝড়ের কারণে সৃষ্ট প্রবল ঢেউয়ের তোড়ে অন্তত একটি জাহাজ ডুবে গেছে; এসব কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

“(দুর্গতদের জন্য) খাবার, কম্বল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠাচ্ছি আমরা,” বলেছেন সংস্থাটির মুখপাত্র রাদিত্য জাতি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট জোকো উয়িদোদো সমবেদনা প্রকাশ করেছেন এবং চরম আবহাওয়া পরিস্থিতির সময় ওই অঞ্চলের বাসিন্দাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন, কিন্তু বিএনপিবি সংখ্যাটি নিশ্চিত করতে পারছে না বলে জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোররাতে ঘূর্ণিঝড় সেরোজা তিমুর দ্বীপের দক্ষিণপশ্চিমে সাভু সাগরে আঘাত হেনেছে, এর প্রভাবে আরও বৃষ্টি, ঢেউ ও ঝড় বয়ে যেতে পারে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পের্তামিনা জানিয়েছে, চরম আবহওয়া পরিস্থিতির কারণে নুসা তেংগারায় জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না, কেরোসিনের একটি দোকান ও জ্বালানিবাহী চারটি লরি বন্যায় ডুবে গেছে।