এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক
জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ব্যাংকের সব শাখা ও
উপশাখায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের সভাপতি
ছিলেন চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। পরিচালক ও উদোক্তারা অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
এনআরবিসি ব্যাংককে ‘সুশাসনের মাইলফলক’ হিসেবে বর্ণনা করে ব্যাংকের
ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিঞা আরজু বলেন, “২০১৭ সালে যে ব্যাংকটি ডুবতে বসেছিল
আজ সেই ব্যাংকের কার্যক্রম অন্য ব্যাংক অনুসরণ করছে।”
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, “আমরা প্রবাসীরা যে উদ্দেশ্যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলাম, গত নয় বছরে সেই
লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছি। আমরা চাই গ্রাম-বাংলার উন্নয়ন, ঘরে ঘরে
কর্মসংস্থান। এজন্য উপশাখা,
ক্ষুদ্রঋণ, পার্টনারশিপ
ব্যাংকিংয়ের মাধ্যমে কাজ করছি।”
২০১৩ সালের ২ এপ্রিল ৫৩জন প্রবাসী উদ্যোক্তার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে
যাত্রা করে এনআরবিসি ব্যাংক। ২০২১ সালের ডিসেম্বর শেষে তাদের আমানতের পরিমাণ
দাঁড়ায় ১১ হাজার ৪৮৭ কোটি টাকা, ঋণের পরিমাণ ১০ হাজার ৪৮৯ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের মুনাফা প্রতিবছরই
বাড়ছে। গ্রামের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিতরণ করা হচ্ছে সিঙ্গেল
ডিজিটে ক্ষুদ্রঋণ।
প্রায় ২১ হাজার গ্রাহককে ৮১৫ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ
করেছে এনআরবিসি। সারাদেশে সেবা কার্যক্রমের পরিচালনার জন্য ৯৩টি শাখাসহ ৭৫০টি
উপশাখা রয়েছে এ ব্যাংকের।
এছাড়া সারাদেশে রয়েছে ৫৯০টি এজেন্ট আউটলেট। দেশব্যাপী প্রায়
৮০টি এটিএম বুথ ও সিআরএম বুথ থেকে তাৎক্ষণিক ব্যাংকিং সেবা পাচ্ছেন ব্যাংকটির
গ্রাহকরা।