বুধবার রাতে পথচারীরা মো. শিহাব (২১) ও আবু সিদ্দিক (৫৩) নামের ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ী ধোলাইপাড়ের দিক থেকে হানিফ ফ্লাইওভারে উঠে দূর্ঘটনায় পড়েন।
সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে শিহাব বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাসা নারায়ণগঞ্জের খানপুর এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
দারুসসালাম এলাকায় নিহত আবু সিদ্দিক স্থানীয় আলিয়া মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়।
সিদ্দিকের ছেলের বন্ধু রাশেদ জামান জানান, রাতে দারুস সালাম টাওয়ারের সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এএসআই আব্দুল খান বলেন, যাত্রাবাড়ীর ঘটনায় নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন। আর আবু সিদ্দিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।