নুরুল আজিম (২৮) নামে ওই চালককে বৃহস্পতিবার
সকালে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী জানিয়েছেন। তার বাড়ি
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায়।
রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার এক তরুণীকে
বুধবার রাতে তিনি অ্যাসিড ছুড়ে মেরেছিলেন বলে অভিযোগ এসেছে।
ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে নুরুল আজিমের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে
ওই নারী জানতে পারেন যে আজিম বিবাহিত এবং দুই সন্তানের পিতা।
“এ ঘটনা জানতে পেরে মেয়েটি আজিমকে এড়িয়ে
চলতে শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে আজিম বুধবার গভীর রাতে মেয়েটির বাড়িতে গিয়ে ঘরের
জানালা দিয়ে এসিড ছুড়ে মারে।”
ঘটনাটি শোনার পরপরই অভিযান চালিয়ে আজিমকে
গ্রেপ্তার করে পুলিশ।
ওই তরুণীকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে।
বার্ন ইউনিটের ডা. রফিক উদ্দিন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মেয়ের শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।”
তবে তা ‘অ্যাসিডে পোড়া নয়’ বলে মনে
করছেন এই চিকিৎসক।