ক্যাটাগরি

‘ঈদ আনন্দে’ বিনানুমতিতে ক্যাম্পের বাইরে, ২০৩ রোহিঙ্গা আটক

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন
রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে ৮ এপিবিএন এর উপ-অধিনায়ক
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান।

ক্যাম্প থেকে বের হওয়ার সময় বিষয়টি জানা না গেলেও ক্যাম্পে
প্রবেশের সময় তারা ধরা পড়েন।

এর আগে বুধবার বিকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া ৪৫৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

ওইদিন রাতেই তাদের সাতটি বাসে করে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার
এলাকায় ট্রানজিট ক্যাম্পে পাঠায় পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, রোহিঙ্গাদের
অবাধ বিচরণ ও অপরাধ প্রতিরোধে ক্যাম্পের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট স্থাপন করে
নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে তল্লাশি কার্যক্রম আরও জোরদার
করা হয়েছে।

“বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের প্রবেশ
পথে চেকপোস্টগুলোতে তল্লাশি চালানো হয়। ঈদ উপলক্ষে বাইরে যাওয়া ২০৩ জন রোহিঙ্গাকে ক্যাম্পে
প্রবেশের সময় আটক করা হয়।”

এপিবিএন-এর এই কর্মকর্তার ভাষ্য, “ক্যাম্পের চারদিকে
কাঁটাতারের সীমানা রয়েছে। ক্যাম্পে প্রবেশ পথগুলোতে চেকপোস্ট থাকায় রোহিঙ্গাদের
অনেকে সীমানার কাঁটাতার কেটে যাতায়ত করে। বিশাল ক্যাম্প এলাকায় কাঁটাতারের কেটে
ফেলা অংশ দিয়ে আটক রোহিঙ্গারা ঈদ উপলক্ষে বাইরে বেড়াতে গিয়েছিল।”

কামরান জানান, আটক রোহিঙ্গাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
জরিমানা করে স্ব-স্ব ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।