ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শনিবার এক বিবৃতিতে জানায়, ক্রিকেট
একাডেমিতে তিন সপ্তাহের পুনর্বাসনের পর সেখানকার চিকিৎসক দল রোহিতের ফিটনেসে ‘সন্তুষ্ট।’ তিনি কবে অস্ট্রেলিয়া যাবেন, তা জানানো হয়নি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মুম্বাই
থেকে দুবাই হয়ে সিডনিতে উড়াল দেবেন রোহিত। সেখানে পৌঁছার পর ভারতীয় দলের ‘জৈব-সুরক্ষা’ বলয়ের বাইরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে
হবে তাকে।
কোয়ারেন্টিন পর্ব শেষ হলে ভারতীয় দলের মেডিকেল স্টাফ আবার
রোহিতের ফিটনেসের অবস্থা দেখবেন। এর ওপরই নির্ভর করছে শেষ দুই টেস্টে তাকে খেলানো
হবে কি-না।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৭
ডিসেম্বর। চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের মাঝামাঝি হ্যামস্ট্রিংয়ে
টান লাগায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিছু ম্যাচ খেলতে পারেননি রোহিত। সেই সময়
ঘোষণা করা অস্ট্রেলিয়া সফরের ভারত দলের তিন সংস্করণের কোনোটিতেই রাখা হয়নি তাকে।
এর কদিন পরই আইপিএলে ম্যাচ খেলতে নেমে যান তিনি। ফাইনালে দারুণ ফিফটিতে দলের
শিরোপা জয়ে রাখেন অবদান।
তার চোটের মাত্রা ও ধরন নিয়ে নানা পক্ষ থেকে অনেক কথা
শোনা যায় তখন। রোহিত,
মুম্বাই ইন্ডিয়ান্স ও ভারতীয় বোর্ডের সমন্বয়হীনতার ব্যাপারটিও ফুটে
ওঠে প্রকটভাবে। আইপিএলের পর রোহিতকে ফেরানো হয় টেস্ট দলে। তবে ওয়ানডে ও
টি-টোয়েন্টি দলে রাখা হয়নি চোটের কারণেই। আইপিএল থেকে ফেরার পর জাতীয় ক্রিকেট
একাডেমিতে পুনর্বাসনে ছিলেন তিনি।