ক্যাটাগরি

২০২০ সালে ১৩৪৬ ধর্ষণ: মহিলা পরিষদ

তাদের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে মোট ৩ হাজার ৪৪০ জন নারী
ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ৩৫ শতাংশই ধর্ষণের
শিকার হয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে মহিলা
পরিষদ জনিয়েছে, ১৩টি
দৈনিক পত্রিকার প্রতিবেদনে ২০২০ সালে এক হাজার ৩৪৬ জনের ধর্ষিত হওয়ার তথ্য এসেছে। এদের
মধ্যে ২৩৬ জন দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন, যা নিপীড়নের মোট ৮ শতাংশ। ৩৩
জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন এবং তিনজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। এছাড়া
গত বছর ২০০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ‘শ্লীলতাহানির’ শিকার হয়েছেন ৪৩ জন, ৭৪ জন যৌন নিপীড়নের
শিকার হয়েছেন।

এসিড হামলার শিকার হয়েছেন ২৫ জন, যাদের চারজন
মারা গেছেন। এছাড়া অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ২৯ জন, যাদের ১৩ জনের
মৃত্যু হয়েছে।

উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৫৯ জন। অপহরণের
শিকার হয়েছেন ১২৫ জন নারী। পাচারের
শিকার হয়েছেন ১০১ জন,
যাদের চারজনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে।

এছাড়া বিভিন্ন কারণে ৪৬৮ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। ৩৫
জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের
কারণে নির্যাতিত হয়েছেন ১১৭ জন, যাদের ৫২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫৯ জন। আর
২৫২ জন নারী ও কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ১১৭টি, সাইবার ক্রাইম
অপরাধের শিকার হয়েছেন ৪৩ জন।

গত ১২ মাসের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি ৪৩৬টি নির্যাতনের ঘটনা
ঘটেছে দেশে। আর মে মাসে সবচেয়ে কম ১১৫টি নিপীড়নের
তথ্য এসেছে।