কয়েকদিন ধরে তাপপ্রবাহের মধ্যে রোববার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশখী ঝড়ের
সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হয়।
ঝড় শুরুর পরই সদরঘাট থেকে লঞ্চ চালানো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া
হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ
প্রতিরোধের সোমবার থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তাই রোববার যাত্রীর চাপ বেড়েছে সদরঘাটে।
“সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়ার
কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে আবহাওয়া
স্বাভাবিক হলে লঞ্চ শুরু হয়।”
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, “রোববার সকাল থেকেই
যাত্রীর চাপ ছিল। তবে বিকাল থেকে তা অনেক বেড়ে যায়।”
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে সোমবার থেকে এক সপ্তারে ‘লকডাউন’
শুরু হচ্ছে দেশে। এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
লকডাউনের সিদ্ধান্ত ঘোষণার পরই অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেন।