রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় ঝড়ো
হাওয়া বয়ে যায়; সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির হয়। ঝড়ের মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎবিভা্রটের
খবর পাওয়া গেছে। মিরপুরে একটি গাছ উপরে পড়ারও খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
রোববারও দেশে ছিল মৃদু তাপপ্রবাহের দাপট।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ একেএম নাজমুল হক
জানান, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাঙমাটির উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে
যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে
৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এ আবহাওয়াবিদ বলেন, “রোববার ঢাকাসহ দেশের
বিভিন্ন স্থানে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি বয়ে যায়। রাজধানীতে সন্ধ্যা পৌনে সাতটায় ঝড়ো
হাওয়ার বেগ ছিল সর্বোচ্চ ৬৪ কিলোমিটার/ঘণ্টা। এখন কালবৈশাখীর মৌসুম। ঢাকার বাইরে কয়েকদিন
ধরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
“বিরাজমান তাপপ্রবাহ আরও কয়েকদিন বিভিন্ন
স্থানে থাকবে। ঝড়-বৃষ্টির প্রভাবে তা ধীরে ধীরে কমে আসবে।”
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে
বলা হয়েছে, এ মাসে দুই-একটি নিম্নচাপ হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পশ্চিমাঞ্চলে তীব্র এবং সারা দেশে এক
থেকে দুটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া কয়েকদিন কালবৈশাখী এবং মাসের শেষ
দিকে উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।