ক্যাটাগরি

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক মেরামতে চীনা কূটনীতিকের আহ্বান

হংকং এবং তিব্বতের মতো চীনের অভ্যন্তরীন বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো বন্ধ করা উচিত বলেও তিনি মত দিয়েছেন।

চীনের কমিউনিষ্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিশনের এই শীর্ষ কূটনীতিক ও পরিচালক ইয়াং জিয়েচি মঙ্গলবার দুই দেশের সম্পর্ক নিয়ে একথা বলেন।

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর ইয়াং জিয়েচিই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কথা বলা সবচেয়ে ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্য ও প্রযুক্তি থেকে শুরু করে হংকং, তাইওয়ান, শিনজিয়াংয়ে উইঘুর নিপীড়ন এবং দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সংঘাতে দুই দেশের সম্পর্ক সেই ১৯৭৯ সালের পর সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন পুরোনো মনমানসিকতা ঝেড়ে ফেলে চীনের সঙ্গে সম্পর্ক সঠিক পথে রাখার জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন চীনা কূটনীতিক জিয়েচি।

বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে চ্যালেঞ্জ জানানোর কোনও অভিপ্রায় চীনের নেই বলেও জিয়েচি আশ্বস্ত করেন এবং কোনও শক্তিই চীনের উন্নয়ন রুখতে পারবে না বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বেশ জোরের সঙ্গেই বলেন, “চীন কোনও সংঘাত, সংঘর্ষের পথে নয় বরং পারষ্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পর্ককে সামনে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যেতে প্রস্তুত।”