ক্যাটাগরি

আই লিগের চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগের নতুন মৌসুম। অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের সঙ্গে শুক্রবারের আলাপচারিতায় নতুন মিশন, লক্ষ্য নিয়ে নিজের ভাবনা জানান জামাল।

“কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। মোহামেডানের শিরোপার জন্য লড়ব; সবার মতো আমার প্রত্যাশাও অনেক।”

“আমাকে প্রমাণ করতে হবে মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি। একজন ফুটবলার হিসেবে আপনাকে নানা রকম চাপের সম্মুখীন হতে হবে। এই ধরণের চাপ আমার জন্য অনুপ্রেরণার। যদি চাপ না থাকে তাহলে তো কোন মজাও থাকে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই।”

করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার পর সতর্কতা হিসেবে কলকাতায় গিয়ে কোয়ারেন্টিনে রয়েছেন জামাল। আগামী রোববার শুরু করবেন অনুশীলন। জানালেন সিদ্ধান্ত নিতে পরিবারের কাজ থেকে সাহায্য পাওয়ার কথাও।

“নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। বাংলাদেশেও চ্যালেঞ্জ নিয়েছি; দেশে কয়েক বছর ধরে খেলছি। কোচ, খেলোয়াড় ও ক্লাব…সবকিছুই জানা হয়েছে। যখন মোহামেডানে খেলার সুযোগ পেলাম, পরিবারের সঙ্গে কথা বললাম। তারাও চ্যালেঞ্জ নিতে বলল।”

“এখানে আসার আগে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে জিজ্ঞেস করেছিলাম ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে। তিনিও বলেছিলেন-আমি হলে খেলতে যেতাম।”

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১০৪তম, বাংলাদেশ ১৮৬তম। ফুটবলের সার্বিক উন্নয়নে ভারত সঠিক পথে আছে বলেও মনে করেন জামাল।