ক্যাটাগরি

টেস্টেও ভারতের সহ-অধিনায়ক রোহিত

বিরাট কোহলির অনুপস্থিতিতে রাহানকে অধিনায়ক করে ভারত। মেলবোর্ন টেস্টে চেতেশ্বর
পুজারা ছিলেন সহ-অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শুক্রবার পুজারাকে সরিয়ে প্রথমবারের
মতো রোহিতকে দেয় এই দায়িত্ব।

আইপিএলে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে আসেননি রোহিত। খেলেননি
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। পরে অস্ট্রেলিয়ায় পৌঁছালেও ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায়
প্রথম দুই টেস্টে তাকে পায়নি দল। কোয়ারেন্টিন শেষে বুধবার দলে যোগ দেন তিনি।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৩২ টেস্ট খেলেছেন রোহিত। ৪৬.৫৪ গড়ে রান করেছেন দুই
হাজারের অধিক। নামের পাশে ৬ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১০টি। তবে দেশের বাইরে তার টেস্ট
সামর্থ্য এখনও প্রশ্নবিদ্ধ। দেশের মাটিতে ১৪ টেস্টে তার ব্যাটিং গড় ৮৮.৩৩। দেশের বাইরে
১৮ টেস্টে গড় ২৬.৩২। কোনো সেঞ্চুরি নেই, ফিফটি কেবল ৫টি। এবারের অস্ট্রেলিয়া সফরে তাই
বাড়তি নজর থাকবে তার ব্যক্তিগত পারফরম্যান্সে।

চোটের কারণে ছিটকে গেছেন পেসার উমেশ যাদব। তার জায়গায় দলে যোগ করা হয়েছে
নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়া তরুণ পেসার থাঙ্গারাসু নাটরাজনকে। মোহাম্মদ
শামির চোটে বক্সিং ডে টেস্টের আগেই শার্দুল ঠাকুরকে দলে নেয় ভারত।

চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় ভারত-অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার সিডনিতে
শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিজবেনে ১৫ জানুয়ারি শুরু সিরিজের
চতুর্থ ও শেষ টেস্ট।