ক্যাটাগরি

সাভার-রাজশাহীতে গ্যাস ফিরতে শুরু করেছে

ফাইল ছবি

ফাইল ছবি

বিতরণ নেটওয়ার্কের মেরামতের জন্য ঢাকার সাভার ছাড়াও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া অঞ্চলে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

ঈদের দিন মঙ্গলবার রাত ১০টা থেকে সরবরাহ বন্ধ রেখে কাজ শুরুর পর বুধবার রাতেই সাভারের কিছু আবাসিক এলাকায় গ্যাস ফিরে আসে বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি।

বৃহস্পতিবার দুপুরের পর তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, কাজ শেষে সাভার, ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, হেমায়েতপুর ও ধামরাইয়ের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সাভারের বাসিন্দা সেলিম আহমেদ বলেন, “বুধবার রাতে গ্যাস আসার পর বৃহস্পতিবার সকালে আবার চলে গিয়েছিল। দুপুরের দিকে আবার গ্যাস ফিরে এসেছে। এরপর থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে।”

টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত) জিটিসিএল-৩০ ইঞ্চির ব্যাসের একটি পাইপে সংস্কার এবং গাজীপুরে দুটি স্থানে বাল্ব প্রতিস্থাপনের জন্য সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড- জিটিসিএল।

ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলে দুর্ভোগে পড়েন সাভারসহ উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের কয়েকটি জেলার মানুষ।

তবে লাইন মেরামতের জন্য গ্যাস বন্ধ থাকার কথা থাকলেও বিকল্প ব্যবস্থায় সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ স্বাভাবিক ছিল বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।

পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকায় গ্যাস ফিরে এসেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন।

আরও পড়ুন


গ্যাস বন্ধ: লাকড়ির চুলায় ঈদের মেহমানদারি
 


৪৮ ঘণ্টা গ্যাস থাকছে না ঢাকার একাংশ ও রাজশাহীতে